Logo
×

Follow Us

বাংলাদেশ

লাওসে চাকরির প্রলোভনে প্রতারণা, পাসপোর্ট আটকে বিপাকে ২০ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:৪৬

লাওসে চাকরির প্রলোভনে প্রতারণা, পাসপোর্ট আটকে বিপাকে ২০ বাংলাদেশি

ভালো বেতনের চাকরির আশায় লাওসে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। চাকরির কথা বলে তাদের পাঠানো হলেও সেখানে পৌঁছে দেখা যায়, নিয়োগদাতা প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই! 

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে এসব কর্মী লাওসে যান। জনপ্রতি প্রায় সাড়ে চার থেকে ছয় লাখ টাকা খরচ করে দেশটিতে পৌঁছান তারা। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাদের পাসপোর্ট আটকে রাখা হয়। দুই মাসের বেশি সময় ধরে একটি বাসায় আটকে রেখে কোনো কাজ দেয়া হয়নি। এমনকি বাড়ি ভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিকও তাদের বের করে দেয়ার নোটিশ দিয়েছেন। অভিযোগ উঠেছে, মধ্যস্থতাকারী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতারণায় তারা এই পরিস্থিতিতে পড়েছেন। ইতোমধ্যে ভুক্তভোগীরা দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বাংলাদেশিদের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছিল লাওস সরকার। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বাংলাদেশি কর্মীদের না যেতে আহ্বান জানিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, লাওস সরকার সে দেশে বাংলাদেশি কর্মীদের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে শ্রম বাজার বন্ধসহ কাজের অনুমতিপত্র এবং প্রবেশ ভিসা (এলএ-বি২) ইস্যু সাময়িকভাবে স্থগিত রেখেছে। লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী এ নিষেধাজ্ঞা ১ সেপ্টেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে বিএমইটির তথ্য বলছে, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১০৯৪ জন লাওসে পাড়ি দিয়েছেন।

বাজার বন্ধ থাকলেও কীভাবে দেশটিতে কর্মীরা যাচ্ছেন, এ প্রশ্নের জবাবে বিএমইটির বহির্গমন শাখার উপপরিচালক মিজানুর রহমান বলেছিলেন, “আমি যতটুকু বুঝতে পেরেছি, যাদের আগেই ভিসা ছিল, তাদের এটা অ্যাটেস্টেড ছিল। অর্থাৎ যারা বাজার বন্ধ হওয়ার আগেই ভিসা পেয়েছিলেন, তাদেরই এই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে। নতুন করে কাউকে ছাড়পত্র দেয়া হয়নি।”

বিদেশে যাওয়ার আগে চাকরি, নিয়োগকর্তা ও ভিসার সত্যতা যাচাই করুন। শুধু দালালের আশ্বাসে লাখ লাখ টাকা দিয়ে বিদেশে গিয়ে সর্বস্ব হারাবেন না।

Logo