বিনা খরচে মালয়েশিয়ার ১১২ কর্মীর প্রথম ফ্লাইট ২৬ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৩
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী নিয়ে (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এই ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বোয়েসেল সূত্রে জানা গেছে, প্রথম ধাপে নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া প্রতিষ্ঠানে যোগ দেবেন। তাদের বিমান ভাড়া, যাতায়াতসহ নিয়োগ-সংক্রান্ত সব ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। ফলে কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে।
প্রথম ধাপের কর্মী নির্বাচনে অনলাইন আবেদন ও লটারি পদ্ধতি অনুসরণ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত শূন্য অভিবাসন ব্যয়ে চাকরির জন্য অনলাইনে আবেদন করেন ৪ হাজার ২৯ জন। তাদের মধ্য থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়।
পরবর্তী সময়ে নির্বাচিতদের মধ্যে কয়েকজন সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায় অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে আরো ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেয়া হয়। এরপর মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার প্রতিনিধিরা প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেন। এসব পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গেছেন। তবে নিয়োগপ্রক্রিয়ায় ১০১টি এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগ ওঠায় ২০২৪ সালের জুন থেকে দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
এর আগেও বিভিন্ন সময়ে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। ২০০৮ থেকে ২০১২ সাল, ২০১৬ থেকে ২০১৮ সাল ও ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কয়েক দফায় বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। দীর্ঘ বিরতির পর এবার সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর মধ্য দিয়ে নতুন করে বাজারটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
logo-1-1740906910.png)