বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৩৮
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ রাখার মেয়াদ আরো বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল সংস্থাটি।
সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর সৃষ্ট পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে বলা হয়, ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে সৌদি আরবের অন্য তিনটি রুট ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনায় ফ্লাইট চলাচল আগের সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।
বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর প্রভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটও ব্যাহত হয়েছে।
logo-1-1740906910.png)