লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। দেশে ফেরা এসব বাংলাদেশির মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (UZ-222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। এর আগে গতকাল সোমবার (২৩ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।
দূতাবাস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশিকে দীর্ঘদিন ধরে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছিল।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল ৬টার দিকে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। এর আগে বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
বিদায়কালে রাষ্ট্রদূত প্রবাসীদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করা এবং ভবিষ্যতে কর্মদক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অবৈধ ও অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার জন্য সবার প্রতি বিশেষ পরামর্শ দেন।
এদিকে লিবিয়ায় আটকে পড়া বাকি নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) ত্রিপোলি ও মিসরাতা থেকে আরো ১৭৫ বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করার কথা রয়েছে।
logo-1-1740906910.png)