ব্রুনাইয়ে ৩৭০ কর্মীর চাকরির সুযোগ, আবেদন শেষ ২৭ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭
সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাইয়ে ৩৭০ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে এসব কর্মী নেয়া হবে। ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৭ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।
বোয়েসেলের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের নির্মাণ, কারিগরি ও অন্যান্য খাতে এসব কর্মী নিয়োগ দেয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে নির্মাণশ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, গাড়ি মেরামতকারী ও চালকসহ বিভিন্ন পেশা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ পদে দৈনিক মজুরি ২০ ব্রুনাই ডলার। টেকনিশিয়ান পদে দৈনিক ২৩ ডলার এবং ইলেকট্রিশিয়ান পদে ২১ ডলার দেয়ার কথা রয়েছে। অন্যদিকে অটোমোটিভ মেকানিক ও চালকের কিছু পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। পদ ও নিয়োগকারী প্রতিষ্ঠান অনুযায়ী বেতন ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে।
আবেদনকারীদের বয়সসীমা প্রতিষ্ঠান ও পদভেদে ২০ থেকে ৫০ বছর। সংশ্লিষ্ট কাজে সাধারণত দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতাও পদ অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা, এর সাথে প্রযোজ্য সার্ভিস চার্জ যুক্ত হবে। আবেদন জমা দেয়ার আগে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা, বয়স, বেতন ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে।
বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় নিয়োগের সুযোগকে নিরাপদ অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে চাকরিপ্রার্থীদের মনে রাখতে হবে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ ও শর্ত পূরণ করলেই নিয়োগ নিশ্চিত হয় না; নিয়োগকারী প্রতিষ্ঠানের বাছাইপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।
ব্রুনাইয়ে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি কোনো মধ্যস্থতাকারীর কাছে অতিরিক্ত অর্থ না দেয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।
logo-1-1740906910.png)