Logo
×

Follow Us

বাংলাদেশ

পেনাংয়ে পাঁচ শতাধিক প্রবাসীকে কনস্যুলার সেবা দিল বাংলাদেশ হাইকমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:১২

পেনাংয়ে পাঁচ শতাধিক প্রবাসীকে কনস্যুলার সেবা দিল বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিভিল মিনি ট্রান্সফার (সিবিএল মানি ট্রান্সফার) কেন্দ্রে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে প্রবাসীদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ এবং প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণের পাশাপাশি নানা ধরনের কনস্যুলার সেবা দেয়া হয়। এর মধ্যে ছিল ভ্রমণ অনুমতিপত্র বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্র প্রদান। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের নিয়মাবলি সম্পর্কে প্রবাসীদের হাতে-কলমে পরামর্শ দেয়া হয়। 

পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানেই প্রয়োজনীয় পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। ফলে প্রবাসীদের দীর্ঘ পথ পাড়ি দেয়ার ভোগান্তি, সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি পাসপোর্টসংক্রান্ত জরুরি কার্যক্রম সহজে সম্পন্ন করা সম্ভব হয়েছে। 

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সাথে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কাছে নিয়মিত এ ধরনের বিশেষ ক্যাম্প জরুরি কনস্যুলার সেবাকে আরো সহজলভ্য করবে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। 

Logo