থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:২৮
সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশু রয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকা থেকে নারী-শিশুসহ আট রোহিঙ্গাকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
রোববার (২২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে তথ্য পেয়েছিল যৌথবাহিনী।
অভিযানকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মানব পাচারকারী চক্রের কয়েকজন সদস্য এবং কয়েকজন ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা আটজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ এবং আট মাস বয়সী একটি শিশু রয়েছে।
আইএসপিআর জানায়, উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা টেকনাফের এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা বলে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি মানব পাচার প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)