চীনের আদলে ৯ পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তুলবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০০:৫০
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তুলবে সরকার।
তিনি বলেন, এ দেশের বিশাল জনগোষ্ঠী বিদেশে কর্মরত আছেন। তারা যদি বিদেশে যাওয়ার আগে টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে অধিক আয় সম্ভব হবে। এজন্য বর্তমান সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে 'শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এজন্য বাজেটে জিডিপির দুই শতাংশ বরাদ্দ করা হয়েছে। আমরা কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। এজন্য চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও, নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটকে চীনের আদলে আধুনিক করে গড়ে তোলা হবে। ভবিষ্যতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও ঢেলে সাজানো হবে।
তিনি বলেন, আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য মন্ত্রী শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সারাদেশে আর একটিও জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না। এজন্য আমরা নতুন প্রকল্প গ্রহণ করছি।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কামরুজ্জামান রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
logo-1-1740906910.png)