Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে বিনাখরচে কর্মী নিয়োগে নতুন চুক্তি স্বাক্ষর ৮ ডিসেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৪:১৫

জাপানে বিনাখরচে কর্মী নিয়োগে নতুন চুক্তি স্বাক্ষর ৮ ডিসেম্বর

বাংলাদেশ থেকে জাপানে বিনাখরচে কর্মী নিয়োগ এবং দক্ষ জনশক্তি উন্নয়নের লক্ষ্যে নতুন সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে ১৯ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সাথে জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা IM Japan-এর প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জাপানের নতুন কর্মী নিয়োগব্যবস্থার আলোকে প্রস্তাবিত ESD (Employment for Skill Development) সমঝোতা স্মারক পর্যালোচনা, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়, বাংলাদেশ থেকে জাপানে বিনাখরচে কর্মী নিয়োগের চুক্তি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় জানানো হয়, জাপানের নতুন নিয়ম অনুযায়ী আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে নতুন কর্মী নিয়োগ ও সংশ্লিষ্ট ভিসা ব্যবস্থার কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে IM Japan ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) সাথে চারটি পৃথক চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে আগামী ৮ ডিসেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে IM Japan-এর জেনারেল ম্যানেজার হিদেয়াকি উচিডা (Hideaki Uchida) জানান, প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে IM Japan-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিতোসি কানামোরি (Hitoshi Kanamori) সরাসরি অংশগ্রহণ করবেন। তার অংশগ্রহণে দুই দেশের মধ্যে জনশক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সহযোগিতার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি জনশক্তি উন্নয়ন ও কর্মসংস্থান সহযোগিতাকে আরো শক্তিশালী করবে। বিশেষ করে জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ এবং স্বচ্ছ ও বিনাখরচে কর্মী নিয়োগব্যবস্থা প্রতিষ্ঠায় এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের তরুণদের জন্য জাপানে নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সাথে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বলে রাখা ভালো, জাপানে যাওয়ার নির্দিষ্ট খরচ, আবেদনের নিয়ম, যোগ্যতা ও নিয়োগের বিস্তারিত এখনো নিশ্চিত নয়। তাই সরকারি নির্দেশনা প্রকাশের আগে কোনো নির্দিষ্ট খরচকে চূড়ান্ত ধরে নেবেন না। চাকরির প্রলোভন দেখিয়ে কেউ টাকা চাইলে আগে তার বৈধতা যাচাই করুন।

Logo