Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ, সাথে ১১ নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২৩:১৭

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ, সাথে ১১ নির্দেশনা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া মেডিকেল প্রতিবেদন ও অনিয়ম বন্ধে নতুন ১১ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। নতুন নিয়মে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ আদায় করতে পারবে না সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলো। নির্দেশনা অমান্য করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব নির্দেশনার কথা জানান। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষা পরিচালনাকারী ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (FWCMS) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মালয়েশিয়ার নিয়োগকর্তার ডিমান্ড লেটারে যতসংখ্যক কর্মীর চাহিদা উল্লেখ থাকবে, সেই সংখ্যার ভিত্তিতেই মেডিকেল পরীক্ষার স্লিপ ইস্যু করতে হবে। তবে চাহিদার তুলনায় সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেয়া যাবে। এর বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার নিজস্ব সিদ্ধান্তে স্লিপ ইস্যু করতে পারবে না।

স্বাস্থ্য পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি মেডিকেল সেন্টারকে দৈনিক পরীক্ষার বিস্তারিত তথ্য সংরক্ষণ এবং অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে অযোগ্য ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে বারবার মেডিকেল পরীক্ষা করানোর ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পাশাপাশি কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার করা যাবে না। মেডিকেল সেন্টারগুলোকে এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় কর্মীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সুরক্ষার বিষয় রাখা হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগপর্যন্ত দেশটির মেডিকেল পরীক্ষায় আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার যাবতীয় ব্যয় বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোর খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ও ওই কেন্দ্রকে দিতে হবে।

এছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার উপকরণ এবং পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা রাখতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি পরীক্ষার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

নতুন নির্দেশনায় ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় নিষিদ্ধ করা হয়েছে। নিয়মগুলো যথাযথভাবে কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে মন্ত্রণালয় শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে। পাশাপাশি প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সরকারের এ উদ্যোগ মালয়েশিয়ায় কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নির্ধারিত ফি, অনলাইন প্রতিবেদন এবং মেডিকেল সেন্টারের জবাবদিহি নিশ্চিত হলে বিদেশগামী কর্মীদের হয়রানি কমার সুযোগ তৈরি হবে।

Logo