সিঙ্গাপুরের মালিককে নিজের স্বপ্নের বাড়ি দেখালেন বাংলাদেশি শ্রমিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬
সিঙ্গাপুরের অনেক নির্মাণ প্রকল্পের নেপথ্যে রয়েছেন অভিবাসী শ্রমিকরা। উন্নত ভবিষ্যতের আশায় তারা বছরের পর বছর পরিবার থেকে দূরে থাকেন। বাংলাদেশি এক শ্রমিকের ক্ষেত্রে সেই ত্যাগ পরিণতি হয়েছে গর্বের এক মুহূর্তে।
দীর্ঘ ১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে দেশে তৈরি করেছেন স্বপ্নের বাড়ি। বাড়িটির নাম দিয়েছেন ‘হোসেন ভিলা’। সেই বাড়ি দেখাতে সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে নিয়ে আসেন প্রবাসী বাংলাদেশি সুমন। তার স্বপ্নের বাড়ি ঘুরে দেখে প্রশংসা করেছেন নিয়োগকর্তাও।
সম্প্রতি বাড়িটির একটি ভিডিও প্রকাশ করে ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এতে দেখা যায়, সুমন নিজেই তার বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাচ্ছেন সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে।
বাড়িটির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও রাখা হয়েছে। তিনতলা বাড়িতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি। সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থেকেই বাড়িটির নকশায় কিছুটা সিঙ্গাপুরের ছোঁয়া রেখেছেন বলে ভিডিওতে জানান সুমন।
বাড়িটি ঘুরে দেখে সুমনের সাফল্যে অভিনন্দন জানান তার নিয়োগকর্তা। পাশাপাশি সুযোগ হলে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন তিনি। পরিবারের সবাইকে একসাথে রাখার মতো একটি বাড়ি তৈরি করতে পারায় সুমনের প্রশংসা করেন ওই নিয়োগকর্তা।
ভিডিওতে সুমন জানান, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
সুমন সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজ করেন। দীর্ঘ প্রবাসজীবনে জমানো অর্থ দিয়ে কুমিল্লায় তৈরি করেছেন প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের বাড়ি। এটি নির্মাণে তার ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।
ভিডিওটির মন্তব্যের ঘরে অনেক দর্শক সুমনের বাড়ির নকশা ও সৌন্দর্যবোধের প্রশংসা করেছেন। পাশাপাশি এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের কাছে বিশাল এই বাড়িটি কেবল একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয়। বরং পরিবারের উন্নত ভবিষ্যৎ গড়তে অভিবাসী শ্রমিকদের কঠোর পরিশ্রম, ত্যাগ আর সঞ্চয়ের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের এক উদাহরণ হয়ে উঠেছে সুমনের এই বাড়ি।
সূত্র: এশিয়াওয়ান
logo-1-1740906910.png)