বিদেশে কর্মসংস্থান বাড়াতে কেয়ারগিভিং ও ভাষা প্রশিক্ষণে জোর দিচ্ছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২৩:১৯
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেয়ারগিভিং, বিদেশি ভাষা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব মহানগরে কর্মহীন যুবকদের কেয়ারগিভিং ও বিদেশি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার (মহিলা আসন-৩৯) এর জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১ বিধির আওতায় আনীত নোটিশের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপে বয়স্ক ব্যক্তিদের পরিচর্যা ও সেবামূলক পেশায় দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। এ সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট দেশগুলোর চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বীকৃত সনদ প্রদানের উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, প্রশিক্ষিত কেয়ারগিভারদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট দেশগুলোর উপযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম প্রধান সম্পদ। এই জনমিতিক সুবিধাকে কাজে লাগিয়ে দক্ষ, উৎপাদনশীল ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কম্পিউটার, তথ্যপ্রযুক্তি, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, মোবাইল ফোন সার্ভিসিং, ড্রাইভিং, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মো. আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত ৮৩টি ট্রেডে ৭৯ লাখ ১২ হাজার ৪৯১ জন বেকার যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষিতদের মধ্যে ২০ লাখ ২০ হাজার ৭৯৫ জনকে ২ হাজার ৯১৩ কোটি ২১ লাখ টাকা ঋণ সহায়তা দেয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে ১ লাখ ২৬ হাজার ৮৪০ জন যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ১৭ হাজার ৮৯৬ জন আত্মকর্মসংস্থানে নিয়োজিত হয়েছেন।
logo-1-1740906910.png)