শ্রমিকদের আইনগত সহায়তা সেবা সহজ করতে সমন্বয় সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৪
ছবি: ফেসবুক
শ্রমিকদের জন্য আইনগত সহায়তা সেবা সহজতর করা এবং শ্রম-সংক্রান্ত বিরোধের কার্যকর ও সময়োপযোগী নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর ঢাকার গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজনে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) লেবার এডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কালচারের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
ঢাকার দুইটি শ্রম আদালতের বিচারক, শ্রম আইনজীবী, ব্লাস্ট, ওয়ার্কার্স রিসোর্স সেন্টারের (WRC) প্রতিনিধিসহ প্যারালিগ্যাল এবং ILO এর প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
সভায় শ্রম আদালতে মামলা দায়ের, পরিচালনা ও নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রক্রিয়াগত ও ব্যবহারিক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শ্রমিকদের বকেয়া মজুরি ও আইনসম্মত পাওনা আদায়, অন্যায়ভাবে চাকরিচ্যুতি, ক্ষতিপূরণ এবং কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানির প্রতিকার পাওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়।
এছাড়া মামলা পরিচালনায় দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, আইনগত প্রতিনিধিত্ব এবং শ্রমিকদের আইনগত সহায়তা প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সভায় WRC-এর প্যারালিগ্যাল, শ্রম আইনজীবী ও আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ এবং আইনি অধিকার বিষয়ে সচেতনতা কার্যক্রম বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রমিকদের জন্য আইনগত সহায়তা সেবার সহজলভ্যতা, কার্যকারিতা ও মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। শ্রমিকদের অধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শ্রম বিচার ব্যবস্থাকে আরো কার্যকর ও শ্রমিকবান্ধব করে তুলতে এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
logo-1-1740906910.png)