Logo
×

Follow Us

বাংলাদেশ

নিরাপদ-সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে প্রয়োজন কার্যকর নীতি ও জবাবদিহি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৯

নিরাপদ-সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতে প্রয়োজন কার্যকর নীতি ও জবাবদিহি

ছবি: ফেসবুক

অভিবাসন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে ২০২৫ সালের সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণবিধিমালার কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালের সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণবিধিমালা প্রণয়নের পরও মাঠপর্যায়ে এর প্রয়োগ কেন বাধাগ্রস্ত হচ্ছে? কোথায় রয়েছে বাস্তবায়নগত ঘাটতি এবং কী কী প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এই প্রক্রিয়াকে ব্যাহত করছে?

শনিবার (১৪ নভেম্বর) এসব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে -উইটনেস ফাউন্ডেশনের অভিবাসন সংলাপের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয়। 

‘ফেয়ার অ্যান্ড এথিক্যাল রিক্রুটমেন্ট: অ্যাকাউন্টেবল সাব-এজেন্টস’ শীর্ষক এক সংলাপে বক্তারা বিধিমালার যথাযথ বাস্তবায়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়, এজেন্সির দায়বদ্ধতা এবং মাঠপর্যায়ে কার্যকর নজরদারি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, আমাদের বিশ্বাস, শুধু নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়; এর কার্যকর বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের জবাবদিহিতা নিশ্চিত করলেই অভিবাসন খাতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজন কার্যকর নীতি, বাস্তবায়ন এবং জবাবদিহিতা।

অনুষ্ঠানে ৩৫(ক) ধারা ও বিধিমালার মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, সাব-এজেন্ট ব্যবস্থাপনায় রিক্রুটিং এজেন্সির যৌথ দায়বদ্ধতা নিশ্চিতকরণ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (DEMO)-এর কার্যকর তদারকি ও জবাবদিহিতার ব্যবস্থা এবং বিধিমালা বাস্তবায়নের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ এবং উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।

রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসন সংলাপ ০২’-এর আয়োজন করে উইটনেস ফাউন্ডেশন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) অর্থায়নে এবং দ্য এশিয়া ফাউন্ডেশনের ‘পেরি’ কর্মসূচির সহায়তায় এটি অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর।

আলোচনায় অংশগ্রহণ করেন বায়রার (BAIRA) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম, বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রতিনিধি আজিজ আহমেদ, মাইগ্রেশন রিপোর্টার্স নেটওয়ার্কের প্রতিনিধি সাদ্দিফ অভি। 

Logo