Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ইস্কাটনে মানববন্ধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:০২

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ইস্কাটনে মানববন্ধন

এজেন্সির মাধ্যমে পাঁচ থেকে ছয় লাখ টাকা জমা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা ঢাকায় মানববন্ধন করেছেন। তবে মানববন্ধনে পুলিশ বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। এ সময় মোহসিন নামে বরিশালের এক যুবককে আটক করে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মালয়েশিয়াগামী ভুক্তভোগীরা।

মানববন্ধনকারীরা জানান, ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসা ও ই-ভিসা হওয়ার পরও মালয়েশিয়ায় যেতে পারেননি তারা। ওই সময় মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জনের তালিকায় তাদের নাম না থাকলেও পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাদের মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দেয়া হয়। কিন্তু আড়াই বছরে এখন পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাননি তারা। 

অন্যদিকে এজেন্সির মাধ্যমে জমা দেয়া পাঁচ থেকে ছয় লাখ (জনপ্রতি) টাকাও ফেরত পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন নিয়ে বিপুল পরিমাণ অর্থ জমা দিয়ে এখন দিশেহারা পরিবারগুলো।

ভুক্তভোগীরা জানান, গত ২৫ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেও কোনো প্রতিক্রিয়া পাননি তারা। এরই পরিপ্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষণ এবং মালয়েশিয়া পাঠানো, নয়তো এজেন্সির কাছে জমা দেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধনে অংশ নেন।

এ সময় বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি নানা স্লোগান দেন তারা। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ মানববন্ধনে বাধা দিলে ছত্রভঙ্গ হয়ে যান অংশগ্রহণকারীরা। এ সময় মোহসিন নামে বরিশালের এক যুবককে আটক করে পুলিশ।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে হয় তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করতে হবে, অন্যথায় জমা দেয়া সম্পূর্ণ অর্থ ফেরত নিশ্চিত করতে হবে।

বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে অর্থ জমা দিয়েও অনিশ্চয়তায় থাকা এসব মানুষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

Logo