৫ বছরে এক কোটি কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, ঘাটতি কোথায়?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:২৪
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
বিদেশে কর্মসংস্থানের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৫ বছরে এক কোটি বাংলাদেশিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশিক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা, দক্ষতার সাথে চাকরির চাহিদার অমিল এবং আন্তর্জাতিক সনদের স্বীকৃতি না থাকায় এই বিশাল লক্ষ্য অর্জনের জন্য দেশের বর্তমান দক্ষতা উন্নয়নব্যবস্থা কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বক্তব্য, প্রচলিত ব্যবস্থায় কাজ চলতে থাকলে নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য বাংলাদেশের সক্ষমতা রয়েছে মাত্র ৫৫ থেকে ৬০ শতাংশ।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনসালটেশন অন স্কিলস, মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি: দ্য ওয়ে ফরওয়ার্ড ফর বাংলাদেশ’ শীর্ষক এক পরামর্শ সভায় এসব বিষয় উঠে আসে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, গবেষক, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দেশের দক্ষতা উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থাপিত গবেষণায় দেখা গেছে, দেশে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নেয়া তরুণদের একটি বড় অংশ উপযুক্ত চাকরি পাচ্ছেন না। ২০২৩ সালে দেশে প্রায় ৬ লাখ ৮৯ হাজার ৭৪৫ জন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় ৪৫ থেকে ৪৭ শতাংশ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি তাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থান পেতে সমস্যায় পড়ছেন।
গবেষণায় আরো বলা হয়েছে, প্রায় ১ কোটি ৮০ লাখ তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। কিন্তু প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সাথে শিল্পপ্রতিষ্ঠান এবং নিয়োগদাতাদের চাহিদার মধ্যে কার্যকর সংযোগ না থাকায় অনেক ক্ষেত্রে সেই প্রশিক্ষণ কর্মসংস্থানে রূপ নিচ্ছে না।
ওকাপের গবেষণা ব্যবস্থাপক উর্মি জাহান বলেন, শুধু কতজনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, সেটিই প্রধান বিবেচ্য হওয়া উচিত নয়। বরং কী ধরনের দক্ষতা দেয়া হচ্ছে, কোন প্রতিষ্ঠানের সেই দক্ষতা প্রয়োজন এবং কোথায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।
সনদ থাকলেও বিদেশে মিলছে না স্বীকৃতি
দেশে দক্ষতা যাচাই ও সনদ দেয়ার কার্যক্রম চললেও এসব সনদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য ও অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলাম জানান, প্রায় সাত লাখ প্রশিক্ষণার্থী এনএসডিএর সনদ পেয়েছেন। কিন্তু দেশের ভেতরেই এসব সনদের স্বীকৃতি এখনো সন্তোষজনক নয়।
তার বক্তব্য, দেশের অভ্যন্তরেই যদি সনদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা না যায়, তাহলে বিদেশে সেই সনদের গ্রহণযোগ্যতা প্রত্যাশা করা কঠিন।
এনএসডিএর অধীনে প্রায় ২ হাজার ৩০০ নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ৩৬৯টি পেশায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তবে এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয়ের জন্য কর্তৃপক্ষের জনবল মাত্র ১৮ জন বলে সভায় জানানো হয়।
বিদেশে কাজের চাহিদার সাথে প্রশিক্ষণের মিল নেই
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের দক্ষতা উন্নয়নব্যবস্থার অন্যতম দুর্বলতা হলো বিদেশি নিয়োগদাতাদের প্রকৃত চাহিদা বিবেচনায় না নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা। অনেক ক্ষেত্রে প্রশিক্ষণকেন্দ্রে যে বিষয়ে দক্ষতা তৈরি করা হচ্ছে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে অন্য পেশায়।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক রাহনুমা সালাম খান বলেন, দক্ষতার সাথে চাকরির চাহিদার অমিলকে শুধু প্রশিক্ষণসংক্রান্ত সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটি সামগ্রিক শ্রম অভিবাসন ব্যবস্থাপনার সাথেও সম্পর্কিত।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিদেশে কর্মসংস্থানের ৭০ শতাংশের বেশি নিম্নদক্ষতার পেশায় কেন্দ্রীভূত রয়েছে। প্রশিক্ষণে বিনিয়োগ বাড়লেও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।
অতিরিক্ত অভিবাসন ব্যয়ও বড় বাধা
সভায় বিদেশে কর্মী পাঠানোর ব্যয় এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। ইতালির দূতাবাসের অভিবাসনবিষয়ক বিশেষজ্ঞ জিউসেপ্পে দি জিওভান্নি জানান, ২০২৫ ও ২০২৬ সালে ইতালি বাংলাদেশিদের জন্য ২০ হাজারের বেশি কাজের ভিসা দিয়েছে। একই সময়ে লিবিয়া হয়ে প্রায় ২০ হাজার বাংলাদেশির অনিয়মিত পথে দেশটিতে পৌঁছানোর তথ্যও তিনি তুলে ধরেন।
তার বক্তব্য অনুযায়ী, ইতালির কাজের ভিসার সরকারি ফি ৬৫ ইউরো হলেও বাংলাদেশি কর্মীদের অনেককে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ৫ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। এতে বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও কর্মীদের ওপর আর্থিক চাপ বাড়ছে।
প্রশিক্ষণ ব্যবস্থা সংস্কারের তাগিদ
সভায় বিশেষজ্ঞরা প্রশিক্ষণকেন্দ্রের পাঠ্যক্রম আধুনিক করা, হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, শিল্পপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ শক্তিশালী করা এবং বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেন। একই সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা যাচাই ও সনদ প্রদানের ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলা হয়।
বাংলাদেশের সাবেক জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) পরিচালক মো. নুরুল ইসলাম জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় অংশগ্রহণ ২০০৮ সালের এক শতাংশের কম থেকে ২০২৫ সালে ২০ শতাংশের বেশি হয়েছে। তবে প্রশিক্ষণ কার্যক্রম এখনো শিল্পপ্রতিষ্ঠান এবং বিদেশের শ্রমবাজারের চাহিদার সাথে পর্যাপ্তভাবে যুক্ত নয়।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের প্রথম সচিব লরা কার্তানিয়া ইয়াচ জানান, ইইউ-বাংলাদেশ ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমে বিনিয়োগ করা হলেও তা এখনো প্রত্যাশিত মাত্রায় কর্মসংস্থানে রূপ নেয়নি।
বিশেষজ্ঞদের মতে, এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য অর্জন করতে হলে শুধু বিদেশগামী মানুষের সংখ্যা বাড়ালেই হবে না। কোন দেশে কোন পেশার কর্মী প্রয়োজন, সেই অনুযায়ী প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা, আন্তর্জাতিক সনদ এবং নিরাপদ নিয়োগব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়লেও দক্ষ জনশক্তি রপ্তানি এবং কর্মীদের আয় বৃদ্ধির প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে।
logo-1-1740906910.png)