২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, শুরু ১৫ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৭
সড়ক দুর্ঘটনা কমানো ও পেশাদার চালকদের দক্ষতা বাড়াতে ২০ হাজার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী রোববার (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) নামের দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেয়া হবে। বিআরটিসির চলমান এই কর্মসূচির অংশ হিসেবেই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ নিচ্ছেন। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। এরই মধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।
রিফ্রেশার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
ফাতেমা বেগম আরো বলেন, এসব কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তুলতে, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উৎসাহিত করা হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেয়া হবে।
উল্লেখ্য, দেশে-বিদেশে দক্ষ চালকের চাহিদা অনেক। তবে বিশ্বের অনেক দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় দেশের অভিজ্ঞ চালকরাও প্রবাসে গিয়ে সমস্যায় পড়েন। তাই দেশে থাকতেই বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়কের মানচিত্র, লাল বাতিসহ আধুনিক ট্রাফিক সংকেত এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ নেয়া জরুরি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি হলে বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া বিদেশে ভারী যানবাহন চালানোর চাহিদা বেশি হওয়ায় নতুন চালকদের ক্রেন, এক্সক্যাভেটরসহ হেভি ভেহিকেল পরিচালনার প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এতে দক্ষতার ভিত্তিতে বিদেশে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে।
logo-1-1740906910.png)