Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার 'টপ গ্লাভ' কোম্পানিতে কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২১:০৭

মালয়েশিয়ার 'টপ গ্লাভ' কোম্পানিতে কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা

মালয়েশিয়াভিত্তিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান 'টপ গ্লাভ' কোম্পানিতে কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সাক্ষাৎকার ও কাগজপত্র জমা দেয়ার আগেই ৩৫১ জনের চূড়ান্ত তালিকা প্রকাশের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রত্যাশীরা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রে  (বিকেটিটিসি) এ ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত ট্রেনিং সেন্টারে ঢুকতে না দেয়ায় প্রধান ফটক ভেঙে প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করেন অপেক্ষমাণ প্রার্থীরা। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রে আসেন চাকরিপ্রত্যাশীরা। সকাল ৯টায় গেট খোলার কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রবেশ করতে না পেরে দুপুরের দিকে উত্তেজিত হয়ে ওঠেন অপেক্ষমাণ মানুষ। একপর্যায়ে প্রধান ফটক ভেঙে প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করেন তারা। পরে অধ্যক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে অবস্থান নিতে দেখা যায় এসআরবি, পুলিশ ও আনসার সদস্যদেরও। 

এদিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভ কমেনি চাকরিপ্রত্যাশীদের। তাদের অভিযোগ, ১১ ও ১২ নভেম্বর কাগজপত্র জমা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের কথা থাকলেও ১২ নভেম্বর সাক্ষাৎকার ও কাগজপত্র জমা দেয়ার আগেই ৩৫১ জনের চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রার্থীদের কেউ কেউ ঘটনাটিকে প্রতারণা ও হয়রানি বলেও উল্লেখ করেছেন।

পরবর্তী সময়ে অনেকের কাছ থেকে কাগজপত্র জমা নেয়া হলেও অনুষ্ঠিত হয়নি প্রত্যাশিত সাক্ষাৎকার। এ বিষয়ে বক্তব্য জানতে কোম্পানির কর্মকর্তা এবং বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট কোম্পানি ও বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, টপ গ্লাভ কোম্পানির সাবেক কর্মীদের জন্য ১১ নভেম্বর এবং বর্তমান অথবা সাবেক কর্মীদের মাধ্যমে রেফার করা প্রার্থীদের জন্য ১২ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাক্ষাৎকারের সময় বেঁধে দেয়া হয়েছিল।

জমা দিতে বলা হয়েছে ৩৬ মাস মেয়াদি পাসপোর্ট এবং টপ গ্লাভ কর্তৃক ইস্যু করা আইডি কার্ড অথবা চাকরি থেকে অব্যাহতির সনদ।

তবে এ নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পরিচালিত পুরো নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ খরচমুক্ত। নিয়োগ সংক্রান্ত ভিসা, ওয়ার্ক পারমিট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, পাসপোর্ট, অগ্রিম আয়কর, সাক্ষাৎকার ও বিদেশযাত্রার যাতায়াত-আবাসন এবং বিমান টিকিট সংশ্লিষ্ট সব খরচ বহন করবে টপ গ্লাভ কোম্পানি।

তাই  নিয়োগের কোনো পর্যায়ে আবেদনকারীদের অর্থ প্রদান করতে হবে না। এমন তথ্য আগেই সামাজিক মাধ্যমে জানিয়েছে বোয়েসেল ও সংশ্লিষ্ট মালয়েশিয়ান কোম্পানি।

চাকরির প্রত্যাশা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এসব মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ব্যাখ্যা আশা করছে চাকরিপ্রত্যাশীরা।

Logo