প্রবাসী কার্ড দেয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৮:৫৬
প্রবাসী কার্ড চালুর আগেই এ কার্ডের নামে প্রতারণা শুরু হয়েছে। কার্ডের তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে দেখিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে অসাধু ব্যক্তি ও দালাল চক্র। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকার কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইতোমধ্যেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক যুগান্তকারী এই ‘প্রবাসী কার্ড’ প্রবর্তনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কার্ডটি এখনো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়নি এবং এ সংক্রান্ত আবেদন কার্যক্রমও শুরু হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশে-বিদেশে কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রবাসী কার্ডের নামে বিভিন্ন মিথ্যা তথ্য, বিশেষ করে তথাকথিত পেনশন সুবিধা ও দ্রুত কার্ড প্রদান করার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। মন্ত্রণালয় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।
প্রবাসী কার্ড চালু হলে এর আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং সুবিধাসমূহ সম্পর্কে সরকারি গণমাধ্যম, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। তাই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থতাকারীকে প্রবাসী কার্ডের নামে অর্থ প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কেউ প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বার্থ রক্ষায় সচেতন থাকার এবং প্রতারণা প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. জসীম উদ্দিনের সাথে ০১৭১২-৮৭০৯৬৮ নম্বরে অথবা dsservice@probashi.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলামের সঙ্গে ০১৩৩১-১১৬৬০০ নম্বরে যোগাযোগের অনুরোধও জানানো হয়েছে।
logo-1-1740906910.png)