Logo
×

Follow Us

সংবাদ

বাংলাদেশি আলোকচিত্রীর হিপার গ্র্যান্ড পুরস্কার জয়

কড়াইল বস্তির একটি ছবি, পিনু রহমানের বিশ্বজয়

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৩:৩৮

কড়াইল বস্তির একটি ছবি, পিনু রহমানের বিশ্বজয়

একদিকে আগুনে পুড়ে নিশ্চিহ্ন ঘরবাড়ি, অন্যদিকে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে একই পরিবারের পাঁচ সদস্য। মাথার ওপর নেই কোনো ছাদ, নেই নিরাপদ আশ্রয়। ঢাকার কড়াইল বস্তির এমনই এক মানবিক ও হৃদয়বিদারক মুহূর্ত ড্রোন ক্যামেরায় ধারণ করেছিলেন বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী মিজানুর রহমান পিনু। অসহায়ত্বের সেই ছবিই এবার তাঁকে এনে দিয়েছে বিশ্বমঞ্চের সর্বোচ্চ সম্মান। দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতেছেন তিনি। এ সম্মানের সঙ্গে পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমপরিমাণ অর্থ।

পেশায় আলোকচিত্রী নন, তবু ক্যামেরার লেন্সে মানুষের জীবন ও জীবনের গল্প খুঁজে বেড়ান তিনি। মানুষের সুখ-দুঃখ, বেঁচে থাকার সংগ্রাম আর না বলা অনুভূতিগুলোই তার আলোকচিত্রের মূল উপজীব্য। দীর্ঘদিনের সেই শখই এবার তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতির সর্বোচ্চ শিখরে।

তিনি বাংলাদেশের শৌখিন আলোকচিত্রী মিজানুর রহমান পিনু। ঢাকার কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের করুণ বাস্তবতা ড্রোন ক্যামেরায় ধারণ করে বিশ্বের অসংখ্য প্রতিযোগীকে পেছনে ফেলে জয় করেছেন হিপার গ্র্যান্ড পুরস্কার।

দুবাইয়ের আইকনিক ফিউচার মিউজিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ঘোষণা করা হয় পিনু রহমানের নাম। পরে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের একজন সদস্য তার হাতে তুলে দেন বিশ্বখ্যাত এই আলোকচিত্র পুরস্কার।

হিপার ১৫তম আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্যামিলি’ বা পরিবার। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের ছবিটি এই বিভাগে সেরা নির্বাচিত হয়।

ছবিটিতে ফুটে উঠেছে এক অসাধারণ বৈপরীত্য। আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের পাশে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে একটি পরিবারের পাঁচ সদস্য। হারিয়েছে ঘর, হারিয়েছে নিরাপদ আশ্রয়, কিন্তু হারায়নি একে অপরের পাশে থাকার বন্ধন। ছবিটির মধ্য দিয়ে পিনু রহমান যেন তুলে ধরেছেন— পরিবারের ভালোবাসা ও ঐক্যই মানুষের সবচেয়ে বড় আশ্রয়।

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে আনন্দিত ও আবেগাপ্লুত পিনু রহমান। তার কাছে আলোকচিত্র কেবল ছবি তোলার মাধ্যম নয়, বরং মানুষের জীবনের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরার এক শক্তিশালী ভাষা। এই অর্জন তাকে ভবিষ্যতে আরো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।

আলোকচিত্রের জগতে বিশ্বজয় করলেও পেশাগত জীবনে পিনু রহমান একজন ব্যাংকার। বর্তমানে তিনি রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম ও বেড়ে ওঠা পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর।

শুধু হিপা নয়, চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে একাধিক সাফল্য অর্জন করেছেন তিনি। সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ পেয়েছেন বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড। ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসে ‘দ্য গোল্ডেন বারডেন’ ছবির জন্য অর্জন করেছেন প্রথম পুরস্কার। এছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবির জন্য পেয়েছেন ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি।

উল্লেখ্য, হামদান আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার এবারের আসরে ‘ফ্যামিলি’ ছাড়াও ছিল স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও, জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগ।

এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ প্রতিপাদ্যে প্রথম পুরস্কার অর্জন করেছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এবার পিনু রহমানের গ্র্যান্ড পুরস্কার জয় সেই সাফল্যের ধারায় যুক্ত করল নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। কড়াইল বস্তির পাঁচ সদস্যের পরিবারের সেই ছবিই আজ বাংলাদেশের মানুষের জীবনসংগ্রাম, মানবিকতা ও আলোকচিত্রশিল্পের সক্ষমতাকে পৌঁছে দিয়েছে বিশ্বদরবারে।

Logo