এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস:
বর্ষসেরা এয়ারলাইন ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৯:৪৮
ছবি: ফেসবুক
রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ার পোর্ট হোটেলে অনুষ্ঠিত হয়েছে 'একাদশ শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস-২০২৬'। বিমান চলাচল ও পর্যটন বিষয়ক সাময়িকী 'দ্য বাংলাদেশ মনিটর' আয়োজিত এ অনুষ্ঠানে এ বছরের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে ক্যাথে প্যাসিফিক। পাশাপাশি 'ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার'সহ মোট তিনটি স্বর্ণপদক জিতেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিমানসেবার উৎকর্ষ স্বীকৃতি দিতে ২০০৭ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। অনলাইনে নিয়মিত আকাশপথে ভ্রমণকারীদের ভোট এবং বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে মোট ২৬টি সেবার বিভাগে বিজয়ীদের নির্বাচন করা হয়। গত ২১ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলা এ অনলাইন ভোটিংয়ে প্রায় ২ হাজার ৪০০ নিয়মিত আকাশপথের যাত্রী অংশ নেন।
ক্যাথে প্যাসিফিক বেশ কয়েকটি বিভাগে রৌপ্যপদক অর্জনের পাশাপাশি 'বেস্ট ইকোনমি ক্লাস' বিভাগেও স্বর্ণপদক লাভ করে। ইউএস-বাংলা এয়ারলাইন্স 'ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার', 'মোস্ট ইমপ্রুভড এয়ারলাইন' এবং 'বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক)'- এই তিনটি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে। অন্যদিকে, এমিরেটস 'বেস্ট বিজনেস ক্লাস', 'বেস্ট ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট', 'বেস্ট ইন-ফ্লাইট মিল ইন বিজনেস ক্লাস' এবং 'বেস্ট লয়্যালটি প্রোগ্রাম'— এই চার বিভাগে স্বর্ণপদক জিতেছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 'বেস্ট ইন-ফ্লাইট মিল ইন ইকোনমি ক্লাস' ও 'বেস্ট ওয়েজ-আর্নার-ফ্রেন্ডলি এয়ারলাইন' বিভাগে স্বর্ণপদক অর্জন করে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স 'বেস্ট কেবিন সার্ভিস ইন ইকোনমি ক্লাস' এবং 'বেস্ট এয়ারলাইন কেবিন ক্রু' বিভাগে স্বর্ণপদক লাভ করেছে। টার্কিশ এয়ারলাইন্স জিতেছে 'বেস্ট লং-হল এয়ারলাইন' ও 'আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস' বিভাগে। কাতার এয়ারওয়েজ 'বেস্ট মিডিয়াম-হল এয়ারলাইন' এবং থাই এয়ারওয়েজ 'বেস্ট শর্ট-হল এয়ারলাইন' নির্বাচিত হয়েছে। এছাড়া ইন্ডিগো 'বেস্ট বাজেট এয়ারলাইন', মালয়েশিয়া এয়ারলাইন্স 'বেস্ট স্টুডেন্ট-ফ্রেন্ডলি এয়ারলাইন' এবং সৌদিয়া কার্গো 'কার্গো এয়ারলাইন অব দ্য ইয়ার' নির্বাচিত হয়। অনুষ্ঠানে যাত্রী পরিবহন ও জনমতের ভিত্তিতে দেশের সবচেয়ে জনপ্রিয় ১০টি এয়ারলাইন ব্র্যান্ডকেও স্বীকৃতি দেয়া হয়।
logo-1-1740906910.png)