অক্টোবরে বিদেশে গেছেন প্রায় ৪৩ হাজার বাংলাদেশি কর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৩
প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের কর্মী যাওয়া অব্যাহত রয়েছে। চলতি বছরের অক্টোবরে প্রায় ৪৩ হাজার বাংলাদেশি কর্মী বিদেশ যাওয়ার ছাড়পত্র পেয়েছেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে বিদেশে চাকরির জন্য ক্লিয়ারেন্স পেয়েছেন ৪২ হাজার ৮৮৮ জন বাংলাদেশি কর্মী। ক্লিয়ারেন্স পাওয়া কর্মীদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৮০ জন এবং নারী ৪ হাজার ১০৮ জন। অর্থাৎ, বিদেশে চাকরিতে নারী কর্মীদের যাওয়া বাড়ছে।
এর মধ্যে সবচেয়ে বেশি কর্মী গেছেন সৌদিতে। মোট ১৮ হাজার ৬১০ জন। সৌদির পরেই রয়েছে সিঙ্গাপুর, সেখানে গেছেন ৫ হাজার ৩৪৭ জন। এছাড়া মালদ্বীপে ৪ হাজার ৩১২ জন, কাতারে ২ হাজার ৬৪৩ জন, আমিরাতে ৯৫১ জন এবং ইতালিতে গেছেন ৬৯০ জন। সবশেষ অবস্থানে আছে মালয়েশিয়া। সেখানে অক্টোবর মাসে গেছেন মাত্র ৬৫ জন।
এর আগে সেপ্টেম্বর মাসে বিদেশে যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন ৭০ হাজার ৩০৪ জন। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৮৮ জন। অর্থাৎ বিদেশ যাওয়া কর্মীর সংখ্যা এক মাসে কমে গেছে প্রায় ৩৯ শতাংশ।
বিএমইটির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে গেছেন ২ লাখ ১৮ হাজার ৫০৮ জন বাংলাদেশি কর্মী। এছাড়া সিঙ্গাপুরে ৫৩ হাজার ২৯৭, কাতারে ৪২ হাজার ৫১৬, মালদ্বীপে ২৪ হাজার ৭০, সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৬৬১ এবং কুয়েতে ২০ হাজার ২৫৪ জন কর্মসংস্থানের উদ্দেশে গেছেন।
একই সময়ে জর্ডানে ১০ হাজার ১০, ইতালিতে ৭ হাজার ৭৭, পর্তুগালে ৫ হাজার ৩৮৬ এবং ইরাকে ২ হাজার ৮৭৮ জন বাংলাদেশি কর্মী গেছেন। মরিশাস, সার্বিয়া, ফিজি, বেলারুশ ও রাশিয়াতেও কর্মী পাঠানো হয়েছে।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছিলেন, জটিল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সাথে নতুন করে কর্মী পাঠানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়বে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
logo-1-1740906910.png)