Logo
×

Follow Us

বাংলাদেশ

রাশিয়া, জাপান, ভিয়েতনামসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৮:০২

রাশিয়া, জাপান, ভিয়েতনামসহ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

রাশিয়া, জাপান, ভিয়েতনামসহ বিশ্বের ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা থেকে বুধবার এ সংক্রান্ত একটি চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা ১২টি দেশ হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

নতুন নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া এই ১২টি দেশে গমনেচ্ছু কোনো কর্মীর অনুকূলে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু করা যাবে না। 

এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে পৃথক চিঠির মাধ্যমে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

চিঠিতে বলা হয়, সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়াগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু যেন না করা হয়।

উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিশ্চিত না করে বহির্গমন ছাড়পত্র দেয়া যাবে না। ফলে নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদন যাচাইয়ের আগে কর্মীদের আর্থিক লেনদেন বা বিদেশযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, বিদেশগামী কর্মীদের প্রতি আহ্বান, কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত নেবেন না। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নিন।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে চাকরির ভিসা পাওয়া কিংবা কোনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে চাকরির প্রস্তাব পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না। নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা জরুরি।

এদিকে নির্দিষ্ট ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন করে এ নির্দেশনা দেওয়ার কারণ সম্পর্কে চিঠিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Logo