Logo
×

Follow Us

বাংলাদেশ

অভিবাসন, অধিকার ও উন্নয়নবিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০০:৩৯

অভিবাসন, অধিকার ও উন্নয়নবিষয়ক সংসদীয় ককাসের নতুন কমিটি গঠন

অভিবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে সংসদীয় ভূমিকা জোরদারের লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন, রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্য পরিষদের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে এই ককাসের ঘোষণা দেওয়া হয়। এর সচিবালয়ের দায়িত্ব পালন করবে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

নতুন এই ককাসের চেয়ারপারসন হয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের নেতৃত্বে ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ১২ সদস্যের সাধারণ সদস্য পরিষদ নিয়ে মোট ২২ সদস্যের ককাস গঠন করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটিতে চারজন ভাইস চেয়ারপারসন রাখা হয়েছে। ভাইস চেয়ারপারসন-১ হয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। ভাইস চেয়ারপারসন-২ লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান। ভাইস চেয়ারপারসন-৩ সংরক্ষিত মহিলা আসন-২৯-এর অ্যাডভোকেট ফাহিমা নাসরিন এবং ভাইস চেয়ারপারসন-৪ সংরক্ষিত মহিলা আসন-৭-এর বিলকিস ইসলাম।

সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। ট্রেজারার হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ চৌধুরী।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত মহিলা আসন-৩২-এর নাদিয়া পাঠান পাপন।

সাধারণ সদস্য পরিষদে ১২ জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সায়েদ উদ্দিন আহমেদ হানজালা, সংরক্ষিত মহিলা আসন-৩৩-এর শওকত আরা আক্তার ঊর্মি, বগুড়া-৩ আসনের মো. আব্দুল মহিত তালুকদার, সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সালিনা সুলতানা এবং সংরক্ষিত মহিলা আসন-৩১-এর সানজিদা ইয়াসমিন।

এ ছাড়া রয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান খোকন, সিরাজগঞ্জ-৩ আসনের মো. আইনুল হক, কুড়িগ্রাম-২ আসনের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ, সংরক্ষিত মহিলা আসন-১৮-এর ফাহমিদা হক, সংরক্ষিত আসন-৩৫০-এর এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সংরক্ষিত মহিলা আসন-২৮-এর মমতাজ আলো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ককাস বিদেশে বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষা, রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষা, মানব পাচার রোধ এবং অভিবাসন-সংশ্লিষ্ট আইন ও নীতি প্রণয়নে সংসদে কার্যকর ভূমিকা রাখবে। বহুদলীয় এই প্ল্যাটফর্মে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি ককাসটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সৈয়দ সাইফুল হক।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত নাহিদা সোবহান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডিপক এলমার, আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্ডে, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান এবং দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ। 

Logo