Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে যৌথ নজরদারি চালুর উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৭:২৭

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে যৌথ নজরদারি চালুর উদ্যোগ

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থায় যৌথ পরিদর্শন ও নজরদারি চালুর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় অনিয়ম রোধ, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া আরো ন্যায্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। 

বৈঠকে শ্রমিক অভিবাসনের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্রুত একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।

চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সফরের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শিগগিরই ঢাকা সফর করবেন।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায়ও মালয়েশিয়া সহযোগিতা করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ দীর্ঘদিন ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রেক্ষাপটে যৌথ পরিদর্শন ও নজরদারির উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মী নিয়োগে স্বচ্ছতা প্রতিষ্ঠা, মধ্যস্বত্বভোগীদের অনিয়ম নিয়ন্ত্রণ এবং অভিবাসন প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে।

Logo