Logo
×

Follow Us

বাংলাদেশ

মালদ্বীপগামী প্রবাসী কর্মীদের জন্য হাইকমিশনের বিশেষ বার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৭:২৪

মালদ্বীপগামী প্রবাসী কর্মীদের জন্য হাইকমিশনের বিশেষ বার্তা

মালদ্বীপে যাওয়ার জন্য ইচ্ছুক প্রবাসী কর্মীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বৈধ ভিসা না থাকার কারণে অতীতে মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এমন কর্মীরা নতুন ভিসা নিয়ে দেশটিতে পুনরায় যাওয়ার আগে অবশ্যই ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত সঠিক তথ্য নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল ​সোমবার প্রকাশিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব প্রবাসী কর্মী ইতিপূর্বে মালদ্বীপে কর্মরত ছিলেন কিন্তু বৈধ ভিসার অনুপস্থিতির কারণে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন, তারা নতুন কোনো ভিসা নিয়ে পুনরায় মালদ্বীপে ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে অবশ্যই নিশ্চিত হবেন যে, অতীতে ইমিগ্রেশন বিভাগ থেকে তাদের ‘ডিপোর্ট’ (বহিষ্কার বা কালো তালিকাভুক্ত) করা হয়েছিল কিনা।

​বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করে বলা হয়েছে, কোনো কর্মী যদি পূর্বে মালদ্বীপের ইমিগ্রেশন কর্তৃক ডিপোর্ট বা নিষিদ্ধ হয়ে থাকেন, তবে নতুন ভিসা থাকলেও ইমিগ্রেশন বিভাগ তাকে পুনরায় দেশটিতে প্রবেশ করার অনুমতি দেবে না। ফলে বিনা কারণে বিমানবন্দরে ভোগান্তি বা আর্থিক ক্ষতি এড়াতে যাত্রার আগেই বিষয়টি নিজ দায়িত্বে যাচাই করে নেয়ার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

​প্রবাসীদের সচেতন করার পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে আইনি নিয়মকানুন মেনে সঠিক উপায়ে মালদ্বীপ ভ্রমণের তাগিদ দিয়েছে মিশন।

Logo