বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডেন দূতাবাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ২০:১৯
বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন আর গ্রহণ বা প্রক্রিয়াকরণ করবে না ঢাকার সুইডেন দূতাবাস। এখন থেকে ভিসা, আমন্ত্রণপত্র, আপিল কিংবা আবেদনসংক্রান্ত যে কোনো তথ্য ও সহযোগিতার জন্য সরাসরি সুইডিশ অভিবাসন সংস্থার সাথে যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।
বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীদের জন্য শেনজেন ভিসা আবেদনে আসছে নতুন পরিবর্তন। এখন থেকে বাংলাদেশিদের শেনজেন ভিসার আবেদন সরাসরি গ্রহণ করবে না সুইডেন দূতাবাস।
তবে ভিসার আবেদন বন্ধ হয়ে যাচ্ছে না; বরং আবেদনকারীদের জন্য নির্ধারণ করা হয়েছে বিকল্প ব্যবস্থা। সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সাথে যোগাযোগ করুন।
পোস্টে আরো বলা হয়েছে, অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সব প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।
ফেসবুক পেজে দেওয়া পোস্টের সাথে একটি ফটোকার্ড যুক্ত করে লেখা হয়েছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন এখন আর সুইডেন দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়াকরণ করে না।
শেনজেন ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির (Swedish Migration Agency) সাথে যোগাযোগ করুন।
logo-1-1740906910.png)