প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা এবং বিনিয়োগ সক্ষমতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করতে আগামী ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।
আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেবেন।
১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল-এ আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন মোহা. সাহিদুজ্জামান ট্রিকসহ এনআরবি ওয়ার্ল্ডের নেতারা।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের অর্থনৈতিক, সামাজিক ও বিনিয়োগসম্পর্ক জোরদার করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এবং প্রবাসী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনে প্রবাসী উদ্যোক্তা, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক এবং উন্নয়ন খাতের পেশাজীবীরা অংশ নেবেন। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
সামিটকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সে প্রচারণা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নিয়ে বৈঠক করছেন আয়োজকরা।
দুই দিনের সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন বিষয়ক একাধিক সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে থাকবে প্যানেল আলোচনা, কৌশলগত সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময় পর্ব।
আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশিরা ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাদের আশা, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর মাধ্যমে বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট হবে, নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো আন্তর্জাতিক অংশীদারদের সামনে আরো কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
logo-1-1740906910.png)