সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে পৌঁছেছে। ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরে সেগুলো নিহতদের নিজ নিজ জেলা নওগাঁ ও নাটোরে পাঠানো হবে।
গত ৯ আগস্ট রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হন। এর মধ্যে ৯ জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল। তবে বাকি সাতজনের মরদেহ আগুনে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। শনাক্ত হওয়া সাতজন হলেন মো. শাহিন, মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব, মো. সাগর আলী, মোহাম্মদ শামীম এবং মো. সাব্বির হোসেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মরদেহ দেশে আনতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। প্রথমে সড়কপথে মরদেহগুলো রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়। পরে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
স্বজনদের অপেক্ষার অবসান হলেও পরিবারের অনেকেই এখনো প্রিয়জন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় মরদেহগুলো গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
logo-1-1740906910.png)