Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৪

মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। কর্মীদেরও ৮ হাজার টাকার বেশি অর্থ পরিশোধ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে মেডিকেল করানোর চেষ্টা না করার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের শুধু অনুমোদিত মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে একচেটিয়াভাবে কাজ করতে পারবে না। মালয়েশিয়াগামী কর্মীরা নিজেদের সুবিধা অনুযায়ী অনুমোদিত যে কোনো মেডিকেল সেন্টারে পরীক্ষা করাতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কোনো মেডিকেল সেন্টার যদি নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করে, অযথা হয়রানি করে বা সেবা প্রদানে গড়িমসি করে, তাহলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানানো হয়েছে। অভিযোগ পাঠানো যাবে secretary@probashi.gov.bd ই-মেইল ঠিকানায়।

বিজ্ঞপ্তিতে আরো পরিষ্কারভাবে বলা হয়েছে, মাইগ্রামস (MYGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। তাই এই সেবা দেওয়ার নামে অর্থ দাবি করলে সতর্ক থাকতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় বা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

Logo