Logo
×

Follow Us

বাংলাদেশ

মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:৪৯

মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রতিষ্ঠান মাস্টারকার্ডের লাইসেন্স পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সরকারি ব্যাংকগুলোর মধ্যে ব্যাংকটি প্রথম এ লাইসেন্স পেল।

মঙ্গলবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর কাছে লাইসেন্স হস্তান্তর করেন। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সঞ্চিয়া বিনতে আলী বলেন, মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এর ফলে গ্রাহকদের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণ এবং ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

গৌতম আগরওয়াল বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এ অংশীদারিত্ব দেশের আরো বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম, মোহাম্মদ খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক। এছাড়া মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা, বাংলাদেশ কৃষি ব্যাংকের আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Logo