Logo
×

Follow Us

বাংলাদেশ

কোরিয়াগামী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২০:৩১

কোরিয়াগামী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থলে দ্রুত অভিযোজন এবং এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কার্যক্রমকে আরো কার্যকর করতে ১৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য নির্বাচিত সাধারণ ইপিএস প্রার্থীদের জন্য আগামী ৩০ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে কোরিয়ান ভাষা, সংস্কৃতি, আচরণবিধি ও কর্মসম্পাদন বিষয়ে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

এর পাশাপাশি কোরিয়ার কর্মপরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্যে অতিরিক্ত তিন দিন ওয়েল্ডিং, গ্রাইন্ডিং এবং শারীরিক ব্যায়ামভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের জন্য বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) এক দিনের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও থাকবে।

বোয়েসেল জানিয়েছে, প্রশিক্ষণের সম্পূর্ণ ব্যয় প্রতিষ্ঠানটি বহন করবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা দেবে এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতিদিন সকাল সাড়ে ৭টার মধ্যে মিরপুর-১-এর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য মোবাইল ফোনে আগে থেকেই জুম অ্যাপ ইনস্টল করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশিক্ষণে অংশ নিতে এক জোড়া স্পোর্টস জুতা, দুই সেট ট্রাউজার ও টি-শার্ট, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মূল পাসপোর্ট সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রশিক্ষণ শেষে পরীক্ষা ও জরিপ অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভিসা প্রসেসিংয়ের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। তবে পরীক্ষায় অকৃতকার্য বা বিশেষ কারণ ছাড়া অনুপস্থিত প্রার্থীদের ৪ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ব্যাচে পুনরায় প্রশিক্ষণ ও পরীক্ষায় অংশ নিতে হবে।

অন্যদিকে, প্রশিক্ষণার্থীদের কোরিয়ান ভাষায় কথোপকথনের দক্ষতা বাড়াতে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত গ্রুপভিত্তিক উপস্থাপনা ও মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। মোট ১৪টি গ্রুপে বিভক্ত প্রশিক্ষণার্থীরা কোরিয়ান ভাষায় বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করবেন। প্রতিটি ব্যাচে সেরা পারফরম্যান্সের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করবে বোয়েসেল।

প্রশিক্ষণকালীন সময়ে আগ্রহী প্রার্থীদের জন্য বিকেটিটিসির আবাসিক হোস্টেলে নামমাত্র ফির বিনিময়ে থাকার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে বোয়েসেল।

বোয়েসেল সংশ্লিষ্ট সব প্রার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Logo