বিদেশে কর্মরত অবস্থায় কোনো বাংলাদেশি প্রবাসী শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারের জন্য মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান, কল্যাণ তহবিলের আওতায় বীমাকৃত ১০ লাখ টাকা এবং মরদেহের দাফন বা সৎকারের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, বৈধভাবে বিদেশগামী এবং বিএমইটির বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী কোনো কর্মী কর্মরত দেশে মৃত্যুবরণ করলে তার পরিবার এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারে।
শেনজেনভুক্ত কোনো দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার পর ওই অঞ্চলের যে কোনো দেশে মৃত্যু হলেও এই সুবিধা প্রযোজ্য হবে। একইভাবে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা বিশ্বের অন্য কোনো দেশ থেকে হজ বা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়ে মৃত্যুবরণ করলে, দূতাবাসের প্রত্যয়ন সাপেক্ষে পরিবার অনুদান পাওয়ার যোগ্য হবে।
এছাড়া বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে অবস্থানকালে কোনো কর্মীর মৃত্যু হলে, বহির্গমন ছাড়পত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়ন থাকলে তার পরিবারও এ সহায়তা পাবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বলছে, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের আর্থিক ও সেবামূলক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
সহায়তা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দেশে থেকে টোল-ফ্রি নম্বর ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd থেকেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের বৈধভাবে বিদেশগমন, বিএমইটি নিবন্ধন এবং কল্যাণ বোর্ডের সদস্যপদ নিশ্চিত করা হলে দুর্ঘটনা বা মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারের জন্য এসব আর্থিক সহায়তা পাওয়া সহজ হয়।
logo-1-1740906910.png)