Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২০:২৭

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য জরুরি সতর্কতা

মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মেডিকেল পরীক্ষা ও নিবন্ধন নিয়ে বিভ্রান্তি বাড়ছে। অনেক ক্ষেত্রেই কর্মীদের হাতে MYGRAM স্লিপ দেওয়া হলেও তাদের নামে প্রকৃত মেডিকেল নিবন্ধন সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত থাকেন না। ফলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।

অভিবাসন-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুধু MYGRAM স্লিপ হাতে পাওয়া মানেই মেডিকেল সম্পন্ন হয়েছে বা আবেদন বৈধভাবে নিবন্ধিত হয়েছে, এমনটি ধরে নেওয়া ঠিক নয়। কর্মীদের নিজ দায়িত্বে মেডিকেল নিবন্ধনের অবস্থা যাচাই করা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, প্রথমেই MYGRAM স্লিপে থাকা নাম, পাসপোর্ট নম্বর, রেফারেন্স নম্বরসহ অন্যান্য তথ্য সঠিক কিনা তা যাচাই করতে হবে। তথ্যগত কোনো ভুল থাকলে পরবর্তী পর্যায়ে জটিলতা তৈরি হতে পারে।

কর্মীদের আরো নিশ্চিত হতে হবে যে তাদের নামে প্রকৃতপক্ষে মেডিকেল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা। শুধু একটি স্লিপ দেখিয়ে অর্থ নেওয়ার ঘটনা ঘটছে বলেও অভিযোগ রয়েছে। তাই সংশ্লিষ্ট অনুমোদিত মেডিকেল সেন্টার বা অফিসিয়াল সিস্টেমের মাধ্যমে তথ্য যাচাই করা উচিত।

এ ক্ষেত্রে পাসপোর্ট নম্বর বা রেফারেন্স নম্বর ব্যবহার করে সরাসরি মেডিকেল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের সত্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

মেডিকেল ফি জমা দেওয়ার সময় অবশ্যই অফিসিয়াল রসিদ সংগ্রহ করতে হবে। কোনো এজেন্সি বা মধ্যস্থতাকারীর কাছে অর্থ জমা দেওয়ার পর মেডিকেল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা সেটিও যাচাই করা জরুরি।

সংশ্লিষ্টরা মনে করিয়ে দিয়েছেন, মেডিকেল প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে। প্রথমত রেজিস্ট্রেশন, দ্বিতীয়ত মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়া এবং তৃতীয়ত মেডিকেল রিপোর্টে ফিট ঘোষিত হওয়া। এই তিনটি বিষয় এক নয়। তাই আবেদনকারী বর্তমানে কোন ধাপে আছেন, তা পরিষ্কারভাবে জেনে নেওয়া প্রয়োজন।

কোনো এজেন্সি যদি শুধু MYGRAM স্লিপ দেখিয়ে বারবার অর্থ দাবি করে অথবা মেডিকেল সেন্টারের তথ্য দিতে গড়িমসি করে, তাহলে সতর্ক হওয়া উচিত। যথাযথ যাচাই ছাড়া নতুন করে অর্থ প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও দালালচক্রের প্রতারণার কারণে অনেক কর্মী আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই মালয়েশিয়াগামী প্রত্যেক কর্মীকে বৈধ প্রক্রিয়ায় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা, সব নথিপত্র যাচাই করা এবং অনুমোদিত প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করা উচিত।

তাদের ভাষায়, “MYGRAM স্লিপ থাকা মানেই মেডিকেল সম্পন্ন বা রিপোর্ট ফিট নয়। রেজিস্ট্রেশন, মেডিকেল পরীক্ষা এবং রিপোর্টের বর্তমান অবস্থা আলাদাভাবে যাচাই করলেই প্রতারণার ঝুঁকি অনেক কমে যাবে।”

Logo