Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদির পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের বিষয়ে আলোচনা: প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৩:২৫

সৌদির পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবাসীদের বিষয়ে আলোচনা: প্রতিমন্ত্রী

সৌদি আরবের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আটকে পড়া যেসব বাংলাদেশি প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সৌদি আরব নিজেই একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই এখনই এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসার মেয়াদ বৃদ্ধি এবং কর্মীদের পুনরায় কর্মস্থলে ফেরার সুযোগ তৈরির মতো বিষয়গুলো দুই দেশের আলোচনায় আসতে পারে।

তিনি জানান, অতীতেও এ ধরনের জটিল পরিস্থিতির সমাধানে বাংলাদেশ ও সৌদি আরব আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে।

নুরুল হক নুর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশ আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা ও সহায়তার ক্ষেত্রে সহযোগিতা করছে। বিশেষ করে রিয়াদে সাম্প্রতিক হামলার পর বাংলাদেশ দূতাবাস আরো সক্রিয় ভূমিকা পালন করছে।

তার ভাষায়, দূতাবাসের রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছেন।

সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “সৌদি আরব যখন একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে, তখন শুধু সহযোগিতা চাওয়ার পরিবর্তে তাদের পাশে দাঁড়ানোও বাংলাদেশের নৈতিক দায়িত্ব।”

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তার বিষয়ে তিনি জানান, সরকার নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা দিচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় নিহতদের পরিবারকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বড় কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে শ্রমচুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে থাকে। তবে ছোট প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ তুলনামূলক কম হতে পারে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কর্মহীন হয়ে দেশে ফেরা শ্রমিকদের পুনর্বাসনেও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।

তার মতে, যুদ্ধের কারণে বর্তমানে কিছু কর্মী কর্মহীন হলেও ভবিষ্যতে পুনর্গঠন কার্যক্রম শুরু হলে বিপুলসংখ্যক শ্রমিকের প্রয়োজন হবে। সে ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সরকার শুধু মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর না করে নতুন শ্রমবাজার অনুসন্ধান করছে এবং কয়েকটি ক্ষেত্রে ইতোমধ্যে সীমিত সাফল্যও পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলারও আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশে যুদ্ধসংক্রান্ত ছবি, ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। তাই বাংলাদেশি প্রবাসীদের এসব আইন মেনে সতর্কতার সঙ্গে চলতে হবে।

Logo