Logo
×

Follow Us

বাংলাদেশ

বৈধ অভিবাসনে একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৪:৪৪

বৈধ অভিবাসনে একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন-সংক্রান্ত সংঘবদ্ধ অপরাধ, ভিসা জালিয়াতি এবং অনিয়মিত অভিবাসনের সঙ্গে জড়িত অপরাধী চক্র মোকাবিলায় সহযোগিতা জোরদার করতে নতুন একটি যৌথ কাঠামো গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। ১১ অক্টোবর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, নতুন এই কাঠামোর মাধ্যমে দুই দেশের মধ্যে একটি সমন্বিত সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা হবে। এর আওতায় নথি জালিয়াতি, ভিসা প্রতারণা, অনিয়মিত অভিবাসন এবং অভিবাসন-সংক্রান্ত অন্যান্য সংঘবদ্ধ অপরাধ শনাক্ত, প্রতিরোধ ও দমনে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারিত্ব দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে অভিবাসনপ্রত্যাশী মানুষকে প্রতারণা ও শোষণের মাধ্যমে লাভবান হওয়া অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ অবস্থানেরও প্রকাশ।

নতুন সমঝোতার আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্য নিয়মিত তথ্য আদান-প্রদান করবে এবং কার্যক্রমভিত্তিক সহযোগিতা বৃদ্ধি করবে। পাশাপাশি অগ্রগতি মূল্যায়ন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং জনগণের মধ্যে গভীর সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে উঠেছে।

তিনি বলেন, এই চুক্তি সেসব সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে দুই দেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যারা আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসন প্রক্রিয়াকে ব্যবহার করে মানুষকে শোষণ করতে চায়।

সারাহ কুক আরো বলেন, ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দুই দেশ অভিবাসন-সংক্রান্ত অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনকে উৎসাহিত করা এবং প্রতারণা, পাচার ও শোষণের হাত থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষার প্রচেষ্টা আরো জোরদার করবে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ভুয়া ভিসা, জাল কাগজপত্র, মানব পাচার এবং অনিয়মিত অভিবাসনের ঘটনা বাড়তে থাকায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

Logo