Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত ফেরাতে তৎপর দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৪:৪৫

লিবিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত ফেরাতে তৎপর দূতাবাস

লিবিয়ার পূর্বাঞ্চলে আটক বাংলাদেশিদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরানোর উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বৈধভাবে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

গত ৭ অক্টোবর লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দেশটির পূর্বাঞ্চলের অবৈধ অভিবাসন প্রতিরোধ অধিদপ্তরের উপ-মহাপরিচালক মেজর জেনারেল খালেদ সরির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে লিবিয়ার সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ বলেন, বাংলাদেশ সরকার নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি মানব পাচারের শিকার বাংলাদেশিদের দ্রুত শনাক্ত ও প্রত্যাবাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি লিবিয়ার পূর্বাঞ্চল থেকে সাম্প্রতিক সময়ে দুই হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফেরাতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট লিবীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত বৈধ কাগজপত্র ও ‘বিতাকা হাসর’ বহনকারী বাংলাদেশি নাগরিকদের অযথা আটক না করার অনুরোধ জানান। একই সঙ্গে গানফুদাসহ বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত এবং দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।

জবাবে মেজর জেনারেল খালেদ সরি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বিদ্যমান সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।

তিনি আরো বলেন, ভ্রমণ অনুমতিপত্র ইস্যু, দূতাবাসের সঙ্গে সমন্বয় এবং প্রত্যাবাসনের আগ পর্যন্ত আটক ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত হয়।

Logo