Logo
×

Follow Us

বাংলাদেশ

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে ৫টি ফ্লাইট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৪:৪২

রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা থেকে ৫টি ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী অন্তত পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

১১ অক্টোবর সকাল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত এই পাঁচটি ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

জানা গেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে রিয়াদের বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত সৌদিগামী ফ্লাইটের ওপরও।

ফ্লাইট বাতিলের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন। বিশেষ করে কর্মস্থলে ফেরত যাওয়া প্রবাসী শ্রমিক এবং ট্রানজিট যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রিয়াদের বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রমে ফিরলে ফ্লাইট সূচি পুনর্নির্ধারণ করা হবে। এ কারণে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্সগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এর ফলে আঞ্চলিক বিমান চলাচলেও প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo