Logo
×

Follow Us

বাংলাদেশ

শাহজালালে যাত্রীর পায়ুপথে ৩টি ‘স্বর্ণের ডিম’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

শাহজালালে যাত্রীর পায়ুপথে ৩টি ‘স্বর্ণের ডিম’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে ঢাকা কাস্টমস হাউস। শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছান আরমান উদ্দিন সিদ্দিক নামে ওই যাত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালাচ্ছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসার পর তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়।

এক পর্যায়ে কর্মকর্তারা তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট উদ্ধার করেন।

পরবর্তী সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সেগুলো স্বর্ণের পেস্ট।

কাস্টমসের তথ্যমতে, উদ্ধার হওয়া প্রতিটি পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম। তিনটির মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। পরীক্ষায় এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট হিসেবে শনাক্ত হয়েছে।

স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধনের পর আনুমানিক ১ কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানকারীরা লাগেজ, পোশাক, জুতা এমনকি শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে স্বর্ণ আনার কৌশল ব্যবহার করছে। তবে গোয়েন্দা নজরদারি জোরদার হওয়ার কারণে একের পর এক চালান ধরা পড়ছে।

এ ঘটনায় আরমান উদ্দিন সিদ্দিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

কাস্টমস কর্মকর্তাদের মতে, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। সম্প্রতি একাধিক বড় চালান জব্দ হওয়ায় সংঘবদ্ধ চোরাচালান চক্রগুলোকেও শনাক্তের চেষ্টা চলছে।

Logo