Logo
×

Follow Us

বাংলাদেশ

এনআইডি সংশোধনে নতুন নিয়ম, প্রবাসীদের লাগবে ভিসার কপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৫

এনআইডি সংশোধনে নতুন নিয়ম, প্রবাসীদের লাগবে ভিসার কপি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় এনআইডি সংশোধনের আবেদন করতে হলে প্রবাসীদের ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে।

বুধবার ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী নাগরিকদের আবেদন দ্রুত শনাক্ত ও যাচাই করার জন্য পৃথক আবেদন ফরম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের নাগরিক ও প্রবাসীদের আবেদন একই ব্যবস্থায় জমা হওয়ায় প্রবাসী আবেদনগুলো আলাদাভাবে শনাক্ত এবং যাচাই করতে অতিরিক্ত সময় লাগে। এই জটিলতা কমাতেই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত ফরম অনুযায়ী, প্রবাসী আবেদনকারীদের প্রথম অংশে ব্যক্তিগত তথ্য দিতে হবে। এর মধ্যে থাকবে নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর, বর্তমানে কোন দেশে বসবাস করছেন, পেশা, কর্মস্থল এবং বিদেশের ঠিকানা।

ফরমের দ্বিতীয় অংশে আবেদনকারীকে বাবা-মা, ভাই-বোন এবং নিজের পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

এছাড়া আবেদনের সঙ্গে অবশ্যই ভিসার কপি এবং বিদেশে বসবাসের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট নথি জমা দিতে হবে।

এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেছেন, এনআইডি সংশোধন প্রক্রিয়াকে আরো সহজ ও দ্রুত করতে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তার ভাষায়, “আবেদনগুলো যেন দ্রুত এবং কম সময়ের মধ্যে নিষ্পত্তি করা যায়, সে জন্য আমরা নতুন কিছু উদ্যোগ বাস্তবায়নের কাজ করছি।”

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে এবং বিদেশে বসবাসরত নাগরিকদের মিলিয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রবাসীদের জন্য পৃথক আবেদন ফরম চালু হলে নথিপত্র যাচাই সহজ হবে এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন নিষ্পত্তির গতিও বাড়তে পারে।

Logo