ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, একই দিনের বুকিং বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫১
বাংলাদেশে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো আবেদনকারী আর একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। ৬ অক্টোবর আইভ্যাকের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নতুন নিয়মে বলা হয়েছে, ভিসা আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের সম্ভাব্য তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর বাইরে একই দিনের বা তাৎক্ষণিক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকবে না।
আইভ্যাক জানিয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে উন্মুক্ত করা হবে। তবে এটি সংশ্লিষ্ট ভারতীয় মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর নির্ভর করবে।
নির্দেশনা অনুযায়ী, স্লটের উপস্থিতি সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নতুন অ্যাপয়েন্টমেন্ট খোলা থাকবে।
এছাড়া শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্তও অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই ব্যবস্থার ফলে ভিসা আবেদন প্রক্রিয়ায় অধিক শৃঙ্খলা আনা এবং অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে।
সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ নিয়ে আবেদনকারীদের মধ্যে ব্যাপক চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে সীমিত স্লটের কারণে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল। নতুন নিয়ম সেই চাপ কিছুটা সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
আইভ্যাকের নির্দেশনায় আবেদনকারীদের নিয়মিত সিস্টেম পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে স্লট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আবেদনকারীদের আগাম পরিকল্পনা করে পরবর্তী দুই সপ্তাহের উপলব্ধ তারিখগুলোর মধ্য থেকে সময় নির্বাচন করতে হবে।
logo-1-1740906910.png)