এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্টে থাকবে বিয়ের তথ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০০
দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার আওতায় বিবাহ নিবন্ধনের তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে যুক্ত করা হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য সংরক্ষণ করা হলে একজন ব্যক্তি আগে কোথাও বিয়ে করেছেন কিনা, তা সহজেই যাচাই করা যাবে। ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং পূর্ববর্তী স্ত্রীর অনুমতি ছাড়া নতুন বিয়ে নিবন্ধনের চেষ্টা সহজে শনাক্ত করা সম্ভব হবে।
তিনি বলেন, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা বাল্যবিবাহ প্রতিরোধেও সহায়ক হবে। বিবাহের তথ্য এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ও বৈবাহিক অবস্থা যাচাই করা সহজ হবে।
আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে কোনো ব্যক্তির মৃত্যুর পর উত্তরাধিকার বা বৈবাহিক দাবি নিয়ে বিরোধ দেখা দিলে নিবন্ধিত বিবাহের তথ্যের মাধ্যমে বিষয়টি যাচাই করা যাবে। এতে মামলা-মোকদ্দমা কমবে এবং প্রশাসনিক জটিলতাও হ্রাস পাবে।
বিদেশে অবস্থানরত বা বিদেশগামী নাগরিকদের ক্ষেত্রেও এই তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। কোনো ব্যক্তি বিদেশে নিজের স্ত্রীকে নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট দেশ কর্তৃপক্ষ অনলাইনে বিবাহ নিবন্ধনের তথ্য যাচাই করতে পারবে। এতে প্রকৃত বৈবাহিক সম্পর্ক নিশ্চিত করা সহজ হবে।
সরকার দেশের সব কাজীকে ধাপে ধাপে ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলেও জানান আইনমন্ত্রী।
logo-1-1740906910.png)