ইউরোপ অভিবাসনের খবর
বৈধপথে ইউরোপে প্রবেশে কাজ করবে ইইউ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১১
বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বৈধ অভিবাসন ব্যবস্থায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন।
একই সঙ্গে বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশন আনা এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।
২৯ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের রেমিট্যান্সের বড় একটি অংশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আসে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারি লক্ষ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বিপুল সংখ্যক কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।
একই সঙ্গে উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ, বৈধ অভিবাসন উৎসাহিত এবং ‘ইথিক্যাল মাইগ্রেশন’ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান।
শ্রম আইন সংস্কারের বিষয়েও গুরুত্ব দেন মাইকেল মিলার। তিনি ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইন ও সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী জানান, সরকার বৈধপথে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অনিয়ম ও অবৈধ অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। বৈধ অভিবাসন নিয়ে সচেতনতা বাড়াতে শিগগিরই সাংবাদিক ও সংশ্লিষ্টদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
logo-1-1740906910.png)