বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন যাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন, সংস্কৃতি, শিক্ষা ও শিল্পকলায় সহযোগিতা বাড়াতে নতুন একটি নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে মালয়েশিয়া-বাংলাদেশ ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচারাল নেটওয়ার্ক বা এমবিটিএসিএন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে ২৮ সেপ্টেম্বর নেটওয়ার্কটির উদ্বোধন হয়। স্লোগান রাখা হয়েছে, “ব্রিজিং পিপল, সেলিব্রেটিং কালচার, ইন্সপায়ারিং ট্যুরিজম।” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুতাসিম বিল্লাহ ফারুকী।
নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য সায়েদ ইয়াহিয়া সায়েদ ওথমান পুত্রজায়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রা। সভাপতিত্ব করেন এমবিটিএসিএনের জ্যেষ্ঠ উপদেষ্টা মো. আবদুস সামাদ।
এমবিটিএসিএন জানিয়েছে, দুই দেশের মানুষের ব্যক্তিগত যোগাযোগ, ভ্রমণ, পেশাগত সম্পৃক্ততা ও সাংস্কৃতিক বিনিময়কে আরো বিস্তৃত সহযোগিতায় রূপ দেওয়া হবে। এর আওতায় সাংস্কৃতিক উৎসব, শিল্পকলা প্রদর্শনী, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী, চলচ্চিত্র ও সাহিত্য বিনিময় এবং রন্ধনশিল্পভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
শিক্ষার্থী ও একাডেমিক বিনিময়, পর্যটন সহযোগিতা, স্বাস্থ্যসেবা সংযোগ এবং যুব উদ্যোগেও গুরুত্ব দেওয়া হবে। পর্যটনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, শিল্পকলা, ব্যবসা, গবেষণা ও কমিউনিটিকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
নেটওয়ার্কটির কার্যক্রম পরিচালনা করবেন এমবিটিএসিএনের নির্বাহী চেয়ারম্যান আবু সুফিয়ান, যিনি ট্রাভেল ম্যাগাজিন ভ্রমণের সম্পাদক ও প্রকাশক।
logo-1-1740906910.png)