Logo
×

Follow Us

বাংলাদেশ

পূজায় বাংলাদেশের ইলিশ না পাওয়ার শঙ্কা কলকাতায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৩

পূজায় বাংলাদেশের ইলিশ না পাওয়ার শঙ্কা কলকাতায়

দুর্গাপূজার আগে কলকাতার বাজারে ইলিশ নিয়ে হতাশা বাড়ছে। প্রতি বছর পদ্মা-মেঘনার ইলিশের জন্য অপেক্ষা করেন ব্যবসায়ী ও ক্রেতারা। কিন্তু এবার বাংলাদেশ থেকে ইলিশ আসার সম্ভাবনা দেখছেন না কলকাতার মাছ ব্যবসায়ীরা।

গুজরাট থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায়ও কলকাতার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার গুজরাটের ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এরই মধ্যে প্রায় ৫৫০ টন ইলিশ বাংলাদেশে পাঠানো হয়েছিল।

হাওড়া ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ পাঠানোর আবেদন করেছিলেন। কিন্তু গুজরাট থেকে আমদানি বন্ধ হওয়ার পর তাদের মনে হচ্ছে, পূজার সময় বাংলাদেশ থেকেও ইলিশ আসার অনুমতি নাও দেওয়া হতে পারে।

গত আগস্টে কলকাতার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ঢাকায় গিয়ে বাংলাদেশ সরকারের বাণিজ্য দপ্তরের সঙ্গে আলোচনা করেছিল। তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ পাঠানো হবে। কিন্তু নতুন পরিস্থিতিতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, হাতে আর সময় নেই। আগামী ৬ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। ফলে পূজার সময় বাঙালির প্রিয় ইলিশ পদ হয়তো অনুপস্থিত থাকবে।

কলকাতার বাজারে ইলিশ নিয়ে হতাশা বাড়ছে। পূজার উৎসবে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে পারেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, এবার হয়তো পূজার ভোজে ইলিশের জায়গা নেবে অন্য মাছ।

Logo