মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের মধ্যে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের নৌকা কক্সবাজারের টেকনাফ উপকূলে ডুবে গেছে। ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া সমুদ্রসৈকতের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নৌকায় ১৯ জন ছিলেন। তাদের মধ্যে এক শিশু ও এক নারী মারা গেছেন। আরো একজন নারী নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে।
পুলিশ জানিয়েছে, নৌকাটি উপকূলের খুব কাছাকাছি এসে ডুবে যায়। উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার হওয়া উখিয়ার বাসিন্দা মো. কোরবান আলী বলেন, তিনি ও আরো একজন মিয়ানমারে প্রায় এক বছর কারাভোগ করেছেন। দেশে ফেরার উপায় না থাকায় রোহিঙ্গাদের সঙ্গে নৌকায় করে বাংলাদেশে আসছিলেন। বাহারছড়ার কাছাকাছি আসার পর নৌকাটি ডুবে যায়। তার ভাষ্য অনুযায়ী, নৌকায় মোট ১৯ জন ছিলেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ বলেন, রাতে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি উপকূলের খুব কাছাকাছি এসে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাস করছে। ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে কয়েক মাসের মধ্যে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে নতুন করে পালিয়ে আসার ঘটনাও ঘটছে।
logo-1-1740906910.png)