Logo
×

Follow Us

বাংলাদেশ

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় তাকে স্বাগত জানাতে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। হাতে ছিল রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা।

“স্বাগত হে তারেক রহমান”, “নিউ ইয়র্কে তারেক রহমান, স্বাগতম স্বাগতম”— এমন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে। করতালি ও উল্লাসে তাকে অভ্যর্থনা জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা বলেন, এই সফর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার নেতৃত্ব প্রবাসীদের অনুপ্রাণিত করছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি ২১ থেকে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন। সফরের অন্যতম প্রধান কর্মসূচি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর আগে সোমবার সকালে ঢাকা থেকে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা শুরু করেন তিনি। ইস্তাম্বুলে প্রায় আড়াই ঘণ্টার যাত্রাবিরতির পর নিউ ইয়র্কের উদ্দেশে পুনরায় যাত্রা করেন।

Logo