প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী নেতাকর্মীদের উচ্ছ্বাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিদিন বিকেলে তারা মিছিল করছেন।
প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবে যুক্তরাষ্ট্র দূতাবাস। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি হোটেল হায়াতে থাকবেন।
একইদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেবেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
প্রবাসী বিএনপি সমর্থক শফিউল আলম বলেন, “নেতা তারেক রহমান নিউ ইয়র্ক আসছেন, এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি।” ক্যালিফোর্নিয়া থেকে আসা সাব্বির আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন। এটা ঐতিহাসিক ঘটনা।”
তিনি আরো বলেন, “বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর তাদের সন্তান তারেক রহমানের জাতিসংঘে ভাষণকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন প্রবাসীরা।
জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩০টির বেশি সড়কে নিয়ন্ত্রণ থাকবে। রাষ্ট্রপ্রধানদের গাড়িবহর চলাচলের সময় সাময়িকভাবে সড়ক বন্ধ থাকবে। নগরবাসীকে ব্যক্তিগত গাড়ি এড়িয়ে সাবওয়ে, ফেরি বা সাইকেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)