দেশের পর্যটন উন্নয়নে সমন্বিত কাজের আহ্বান জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ঢাকার বসুন্ধরায় এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মন্ত্রী বললেন, পর্যটন অবকাঠামো, সেবা, গন্তব্য ও পণ্য উন্নয়নে শুধু সরকার নয়, বেসরকারি খাত, বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী ও আন্তর্জাতিক অংশীদারদেরও একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী জোর দিলেন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সম্ভাবনাময় গন্তব্যগুলোকে পরিকল্পিত ও টেকসইভাবে উন্নয়ন করার ওপর গুরুত্বারোপ করলেন তিনি। এবারের মেলার প্রতিপাদ্য ‘আঞ্চলিক পর্যটন সংযোগ’।
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বললেন, পর্যটন বিকশিত হয় অংশীদারিত্ব, সংযোগ, উদ্ভাবন ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। তার মতে, টেকসই পর্যটন উন্নয়নের জন্য সরকার, বেসরকারি খাত, স্থানীয় জনগোষ্ঠী, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরো বললেন, পর্যটন উন্নয়নের লক্ষ্য শুধু নতুন গন্তব্য প্রচার নয়। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে স্থানীয় জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে লাভবান হবে, প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত থাকবে এবং নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। রয়েছে তিনটি আলাদা হল— ইন্টারন্যাশনাল হল, ডেস্টিনেশন বাংলাদেশ হল এবং ট্যুরিজম ইনভেস্টমেন্ট হল। বিশেষ করে ইনভেস্টমেন্ট হলে পর্যটন খাতে বিনিয়োগের সম্ভাবনা, প্রকল্প ও অংশীদারিত্বের সুযোগ তুলে ধরা হচ্ছে।
দর্শনার্থীদের জন্য রয়েছে বিমান টিকিট, হোটেল বুকিং ও বিভিন্ন ট্যুর প্যাকেজে বিশেষ ছাড়। দেশীয় পর্যটনের নানা পণ্য ও সেবার পাশাপাশি ঢাকা ডিনার ক্রুজের মতো নতুন অভিজ্ঞতাও তুলে ধরা হচ্ছে। প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা, আর একটি টিকিটেই দেখা যাবে তিনটি হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ। এছাড়া ফিলিপাইন, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং দেশের পর্যটন শিল্পের নেতারা অংশ নেন।
logo-1-1740906910.png)