Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-ভারত চুক্তি পুনর্বিবেচনায় সতর্কবার্তা নয়াদিল্লির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৬

বাংলাদেশ-ভারত চুক্তি পুনর্বিবেচনায় সতর্কবার্তা নয়াদিল্লির

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা কিছু গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। যদি এমন কিছু হয়, ভারত অবশ্যই তার নিজস্ব স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে।”

এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেছিলেন, সব চুক্তির সুবিধা ও শর্তাবলি নিবিড়ভাবে দেখা হচ্ছে এবং প্রয়োজনে বাতিলের সিদ্ধান্তও হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ, কিন্তু জাতীয় স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাবে।

চুক্তি পর্যালোচনার আলোচনায় উঠে এসেছে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ও। এগুলো ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় রয়েছে কিনা, তা এখন সরকারের নজরে।

সংবাদ সম্মেলনে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন ওঠে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। রণধীর জয়সওয়াল জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রক্রিয়া ও প্রযুক্তিগত বৈঠকগুলো আগের নিয়মে চলবে।

বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা এবং ভারতের সতর্ক প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্ককে নতুন আলোচনায় নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল কূটনৈতিক নয়, বরং অর্থনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

Logo